বেনগাজি হামলার ‘দলনেতা’ আটক
লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র কন্স্যুলেটে হামলার ঘটনার সন্দেহভাজন দলনেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১২ সালের ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৪ মার্কিন নাগরিক নিহত হন।
মঙ্গলবার এক বিবৃতিতে ওই সন্দেহভাজনকে আটকের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার অনুমোদন নিয়েই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রোববার লিবিয়ায় অভিযান চালিয়ে আহমেদ আবু খাতাল্লাহ’কে আটক করে।
তিনি বলেন, “বেনগাজিতে আমাদের কূটনৈতিক মিশনে প্রাণঘাতী ওই হামলা চালানোর পর থেকে, আমাদের সাহসী আমেরিকানদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করে ধরে আনার বিষয়টিকে আমি অধিক গুরুত্ব দিয়েছি।”
“আমেরিকার বিচার ব্যবস্থার ক্ষমতা সে (খাতাল্লাহ) টের পাবে,” বলেন তিনি।
পরে পিটসবার্গে একদল শ্রোতার সামনে তিনি জানিয়েছেন, খাতাল্লাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।
খাতাল্লার আটক ওবামার জন্য একটি জয়। বেনগাজি হামলায় রাষ্ট্রদূতসহ ৪ নাগরিক নিহত হওয়ায় রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল ওবামা প্রশাসন।
রাজনৈতিক কারণে ওই হামলায় আল কায়েদার ভূমিকা খাটো করে দেখার জন্য ওবামাকে অভিযুক্ত করেছিল রিপাবলিকানরা।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় ব্যবস্থা গ্রহণে দেরী করার জন্য ডেমক্রেট প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছিল তারা।
যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে অভিযুক্ত করে রিপালিকানরা বলেছিল, তিনি রাষ্ট্রের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
ওই ঘটনা যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টারত হিলারিকে এখনও তাড়িয়ে ফিরছে।
কূটনীতিকদের বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেয়ার অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার তিনি বলেছেন, “অপর্যাপ্ত তথ্যই ২০১২ সালে বেনগাজি ঝুঁকি বাড়িয়ে তুলেছিল।”
ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, খাতাল্লাকে উভয়চর যানবাহনবাহী জাহাজ ইউএসএস নিউইয়র্কে আটকে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী বেনগাজির শহরতলীতে অভিযান চালিয়ে খাতাল্লাকে পাকড়াও করেছে। অভিযানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের কয়েকজন সদস্যও অংশ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের সব নাগরিক লিবিয়া ত্যাগ করেছেন বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি।
খাতাল্লাকে আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা সম্পর্কে লিবিয়া সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
