জঙ্গিদের মদদ দিচ্ছে সৌদি আরব: ইরাক
ইরাকে তৎপর জঙ্গিদেরকে সৌদি আরব সমর্থন এবং অর্থ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে বাগদাদ সরকার।
সুন্নি আরব প্রতিবেশী দেশ সৌদি আরব ইরাকে ‘গণহত্যা’ উস্কে দিচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন বাগদাদের শিয়া নেতারা।
একইসঙ্গে দেশে জঙ্গি তৎপরতা সামাল দিতে সুন্নিদের সঙ্গে আলোচনায় বসে সঙ্কট সমাধানের পশ্চিমা আহ্বান উপেক্ষা করাসহ প্রধান সুন্নি রাজনৈতিক ব্লককে বয়কট করারও ঘোষণা দিয়েছেন ইরাকি নেতারা।
ওয়াশিংটন স্পষ্ট করেই জানিয়েছে যে, ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট বাহিনীর অগ্রযাত্রা রুখতে যুক্তরাষ্ট্রের সহায়তা পেতে চাইলে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে সুন্নি রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
কিন্তু বেঁকে বসেছেন শিয়া প্রধানমন্ত্রী মালিকি। তিনি বরং উল্টো সুন্নি বিদ্রোহীদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তাদের ওপর দমনাভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। উপরন্তু জঙ্গি তৎপরতা উস্কে দেয়ার জন্য সৌদি আরবকেও দোষারোপ করেছেন।
রিয়াদের বিরুদ্ধে অভিযোগ করে ইরাক সরকার বলেছে, “জঙ্গি গ্রুপগুলোকে অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেয়ার জন্য আমরা তাদেরকে (সৌদি আরব) দায়ী করছি। আর এর ফলে ‘গণহত্যা’ পর্যায়ের যে অপরাধ সংঘটিত হচ্ছে তা সহ ইরাকিদের রক্তক্ষয়, ইরাকের বিভিন্ন প্রতিষ্ঠান, ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানগুলো ধ্বংসের জন্যও রিয়াদ দায়ী”।
জঙ্গিদের মদদ দেয়ার জন্য মালিকি এর আগেও সৌদি আরবকে দায়ী করলেও এবার অত্যন্ত কড়া ভাষায় অভিযোগ করেছেন। সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করেছে এবং ইরাকে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য বাগদাদের গোষ্ঠীগত সংঘাতকে দায়ী করেছে।
