২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জন মিলে ধর্ষণ!

ভারতের মধ্যপ্রদেশে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক আদিবাসী নারীকে তার স্বামীসহ অন্তত ১০ জন মিলে ধর্ষণ করেছে। খান্দোয়া এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই নারীকে লোকজনের সামনে নগ্ন করে ঘোরানো হয় এবং মূত্র পান করতে বাধ্য করা হয়। নিজ ১০ বছর বয়সী সন্তানের সামনেই পুরো ঘটনাটি ঘটে।

ঘটনার তিনদিন পর ১৩ জুন ধর্ষিতা নিজে খান্দোয়ার থানায় অভিযোগ করেন বলে রোববার জানিয়েছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ওই নারী কয়েকমাস থেকেই তার স্বামীর কৈলাসের কাছ থেকে আলাদা থাকতেন। বিরোধ মিটানোর নাম করে স্বামীই তাকে গ্রামের একটি জায়গায় ডেকে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ধর্ষণের শিকার ওই নারী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করেছে। ভারতের জাতীয় অপরাধ ব্যুরোর হিসাবমতে, মধ্যপ্রদেশেই নারীর বিরুদ্ধে অপরাধের রেকর্ড সর্বোচ্চ। ভারতজুড়ে দ্রুতই বাড়ছে ধর্ষণ এবং নারীর বিরুদ্ধে সহিংসতা। সম্প্রতি উত্তর প্রদেশে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে দুই জ্ঞাতি বোনকে হত্যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।