সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখেছে ইরাক
বাগদাদের দিকে সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখেছে ইরাকের সরকারি বাহিনী। এতে করে বাগদাদের শিয়া নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ কিছুটা শিথিল হয়েছে।
বিদ্রোহীদের কাছ থেকে বেশ কিছু সংখ্যক শহর পুনর্দখল করেছে শিয়া ও কুর্দি সমর্থিত সরকারি বাহিনী। তবে তিকরিত এবং মসুল এখনো বিদ্রোহীদের দখলে।
একটি শহরে ১২ পুলিশের মৃতদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। ক্রমবর্ধমান সহিংসতা মোকবেলায় উপসাগরে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরাকি নেতারা তাদের মতভেদ দূর কেরতে পারলেই কোনোরকম জঙ্গি তৎপরতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা সফল হতে পারে।
ইরাক থেকে বিবিসি’র সংবাদাতা জানিয়েছেন, সরকারি বাহিনী সামারা শহরে যুদ্ধপ্রস্তুতি নিচ্ছে। বিশেষত তিকরিত থেকে বিদ্রোহীদের তাড়াতে পাল্টা-হামলা চালানোর এ প্রস্তুতি চলছে।
রোববার বাগদাদের উত্তর-পূর্বের বাকুবা শহরের কাছে একটি সামরিক নিয়োগ কেন্দ্রের কাছে মর্টার হামলায় তিন ইরাকি সেনা এবং তিন মিলিশিয়া নিহত হয়েছে।
ওদিকে, জাওয়ালা শহরে রাতভর সংঘর্ষে সরকারি বাহিনীর হেলিকপ্টার হামলায় ৭ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সরকারের কর্মকর্তারা ভুলবশত এ হামলা হয়েছে বলে স্বীকার করেছে।
বহু সুন্নি মুসলিম আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহী গোষ্ঠী 'ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট' (আইএসআইএল) এর ব্যানারে লড়ছে।
