২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচির প্রেসিডেন্ট প্রার্থিতায় নিষেধাজ্ঞা বহাল

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচি’র প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী দেশটির সংবিধানের একটি ধারা বহাল রাখার জন্য ভোট দিয়েছে পার্লামেন্টের একটি কমিটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

ওই ধারায় বলা হয়েছে, মিয়ানমারের যে সব নাগরিক বিদেশি কোনো নাগরিককে বিয়ে করেছেন এবং যাদের সন্তান বিদেশি নাগরিক, তারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

সুচি’র প্রয়াত স্বামী একজন ব্রিটিশ নাগরিক ছিলেন এবং তার দুই সন্তানও ব্রিটিশ নাগরিক। তাই এই ধারা বহাল থাকলে মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রি সুচি কখনো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

তবে এই ধারা বহাল থাকবে কী না, তা এখনো চূড়ান্ত হয়নি। কেবল পার্লামেন্টে ভোট গ্রহণের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।

পার্লামেন্টের যে কমিটি সংবিধানের ওই ধারা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে তার বেশিরভাগ সদস্যই সুচিবিরোধী দলগুলো থেকে আসা। এই কমিটি সুচিকে প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ দেয়ার মতো কোনো পরিবর্তনের পক্ষে ভোট দিবে এমনটি প্রত্যাশিত ছিল না।

পার্লামেন্টের ভোটের ফলাফলও একই ধরনের হবে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা।

২০১৫ সালে মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।