২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিউপল শহর বিদ্রোহীমুক্ত করেছে ইউক্রেইন

রুশপন্থি বিদ্রোহীদের দখল থেকে মারিউপল বন্দর নগরী পুনরুদ্ধার করেছে ইউক্রেইনের সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2014, 10:09 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার রুশ সীমান্ত ঘেঁষা ওই শহরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে পাঁচজন বিদ্রোহী এবং দুইজন ইউক্রেইন সেনা মারা যান।

লড়াইয়ের এক পর্যায়ে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে যায় বলে সেনা বাহিনী দাবি করছে।

মারিউপল বন্দরের দখল কিয়েভের নতুন নেতৃত্বের জন্য বড় ধরনের অর্জন বলে মনে করা হচ্ছে। গত ২৫ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে কিয়েভের নেতৃত্ব বুঝে নেন তরুণ ব্যবসায়ী ও পশ্চিমাপন্থি নেতা পেট্রো পোরোসেনকো।

শুক্রবার প্রথম প্রহরে মারিউপলের এজভ নদীবন্দরে হামলা শুরু করে সেনাবাহিনী। এর ছয় ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন এভাকোভ বলেন, মারিউপলের সিটি হলে এখন ইউক্রেইনের পতাকা উড়ছে।  

তিনি আরো জানান, সরকারি বাহিনী বিদ্রোহীদের ঘিরে ফেলার পর ১০ মিনিট সময় দেয় আত্মসমর্পনের জন্য। এর পরই শুরু করা হয় চূড়ান্ত আক্রমণ। সংঘর্ষে পাঁচ বিদ্রোহী এবং দুইজন সেনা সদস্য নিহত হয়েছে।