আফগানিস্তানে দ্বিতীয় দফার ভোট শনিবার
তালেবানদের হুমকির মধ্যেই শনিবার আফগানিস্তানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের মাধ্যমে কারজাইয়ের নতুন উত্তরসরি ঠিক করা হচ্ছে।
গত ৫ এপ্রিল দেশটিতে প্রথম দফায় নির্বাচন হয়, যাতে অংশ নেন আটজন প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্বব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং সাবেক অর্থমন্ত্রী আশরাফ গানি শনিবার প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।
শনিবারের নির্বাচনে জয়ী প্রার্থীই তালেবান পরবর্তী আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এর স্থলাভিষিক্ত হবেন।
তবে এরইমধ্যে বিদেশি সেনাদের কাবুল থেকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার কথা-বার্তা চলায় আফগান আভ্যন্তরীণ নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়েছে। ১৩ বছর আগে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হলেও নেটো নেতৃত্বাধীন বিদেশি সৈন্য ও আফগানিস্তানের নতুন সেনাবাহিনীর বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রমাণ দিচ্ছে তালেবান জঙ্গিরা।
প্রথম ধাপের নির্বাচনে তালেবান বিরোধী নর্দান অ্যালায়েন্সের নেতা আব্দুল্লাহ ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘানি পেয়েছিলেন ৩১ দশমিক ৬ শতাংশ ভোট।
পশতু ভাষী ঘানির প্রধান ভরসা তারই স্বজাতি পশতু সমর্থকরা। অন্যদিকে একই জনগোষ্ঠীর হওয়া সত্ত্বেও নির্বাচনে জয়ী হতে প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ নজর দিচ্ছেন তাজাক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর দিকে।
সূচি:
মে ২২: দ্বিতীয় দফার নির্বচনী প্রচারণা শুরু।
জুন ১১: প্রচারণা শেষ।
জুন ১৪: নির্বাচনের ভোটগ্রহণ।
জুলাই ০২: প্রাথমিক ফলাফল ঘোষণা।
জুলাই ১৬: চূড়ান্ত ফলাফল দেবে কর্তৃপক্ষ।
জুলাই ২২: চূড়ান্ত ফলাফল ঘোষণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ
