ইরাকের আরও ২টি শহর বিদ্রোহীদের দখলে
সুন্নি বিদ্রোহীরা ইরাকের আরো ২টি নতুন শহর দখল করে নিয়েছে। রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়ে এই শহর দু’টি দখলের মাধ্যমে তারা তাদের নিয়ন্ত্রণের পরিসর আরো বাড়ালো।
সুন্নি নেতৃত্বাধীন ইসলামি বিদ্রোহীরা দিয়ালা প্রদেশের সাদিয়া ও জালাওলা শহর দু’টি ঘিরে রেখেছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা চৌকি ছেড়ে পালিয়ে গেছে বলে বিবিসি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে ইরাকের লড়াইয়ে তারা সেনা অভিযানসহ সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।
ইরাকের মসুল ও তিকরিত বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকের সরকারকে সহায়তা করার এই অঙ্গীকার এলো।
এরআগে সরকারি সেনারা পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ইরাকের কিরকুক শহরের নিয়ন্ত্রণ নেয় কুর্দি বাহিনী। উত্তর ইরাকের কয়েকটি শহরের দখল নেয়ার পর রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে সুন্নি বিদ্রোহীরা।
উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জরুরি অবস্থা জারির উদ্যোগ নিলেও পার্লামেন্টে পর্যাপ্ত ভোটের অভাবে তা বিলম্বিত হচ্ছে। পার্লামেন্টে ৩২৫ এমপির অর্ধেকেরও কম ১২৮ জন সদস্য জরুরি অবস্থা জারির পক্ষে ভোট দিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।
এদিকে, আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহী গোষ্ঠী 'ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভেন্ট' (আইএসআইএল) মসুল দখল নেয়ার পর শহরে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি চড়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে। দুইদিন আগে শহরের দখল নেয়ার সময় ইরাকি বাহিনী থেকে গাড়িগুলো ছিনিয়ে নিয়েছিল তারা।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, বিমান বাহিনী মসুলে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও বিমান থেকে গোলা নিক্ষেপ করেছে।
এছাড়া বিদ্রোহীরা রাজধানী বাগদাদের কাছাকাছি পৌঁছে গেছে বলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বাগদাদে শিয়া মতাবলম্বী সাধারণ মানুষও সুন্নি বিদ্রোহীদের ঠেকাতে স্বেচ্ছাসেবী বাহিনীর গঠন করছে।
