ভারতের বৃহত্তম ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
ভারতের বৃহত্তম ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস নির্গমণে অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এই গ্যাসের কারণে কারখানাটিতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ছত্তিশগড়ের বিলায় ইস্পাত প্লান্টে বৃহস্পতিবার বিকালের কিছু সময় পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও বিবিসি।
নিহতদের মধ্যে প্রতিষ্ঠানটির ২ জন ডেপুটি জেনারেল ম্যানেজারও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকলে এই মৃত্যু এড়ানো যেত।
এই দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে বেশকিছু শ্রমিক প্রতিবাদ বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার রাতে প্লান্টটির প্রধান পানি সরবরাহ লাইনটি হঠাৎ করেই ফেটে যায়। লাইন মেরামতকালে চুল্লী থেকে বিষাক্ত গ্যাস ঢুকে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন এটিই ভারতের প্রথম ও প্রধান স্টিল প্লান্ট যেখান থেকে রেলের জন্য ইস্পাত সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটিতে লাখো শ্রমিক কাজ করে।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী রামন সিং এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
