ইরাকে জঙ্গি হামলার নিন্দায় জাতিসংঘ
ইরাকের দুটি গুরুত্বপূর্ণ শহর মসুল ও তিকরিত দখল করে নেয়া সুন্নি জঙ্গিদের হামলার নিন্দা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, মসুল থেকে ৫ লাখ মানুষ পালিয়ে যাওয়ার পর ওই এলাকার মানবিক পরিস্থিতি “ভয়াবহ অবস্থায় আছে এবং প্রতি মুহূর্তে আরো খারাপ হচ্ছে” বলে মন্তব্য করেছে নিরাপত্তা পরিষদ।
একে বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলছে, “সম্প্রতি মসুলে যা ঘটেছে তা মোটেও গ্রহণযোগ্য নয়, আমরা কঠোর ভাষায় এর নিন্দা জানাচ্ছি।”
জাতিসংঘের মহাসচিব বান কি মুন “মারাত্মক নিরাপত্তা সঙ্কটে পড়া ইরাকের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি” আহ্বান জানিয়েছেন।
এছাড়া জঙ্গি হামলার মুখে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ।
এদিকে, ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সুন্নি জঙ্গি গোষ্ঠী দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন।
এছাড়া জঙ্গিদের প্রতিরোধ না করেই বা নামমাত্র প্রতিরোধ করে ইরাকি সেনাবাহিনীর যেসব সদস্য পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের জন্মভূমি তিকরিত দখল করে সেখানে অবস্থান সংহত করছে জঙ্গিরা। এর একদিন আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে তারা।
আল কায়েদার দলছুট অংশ আইএসআইএল, বর্তমানে সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিশাল এলাকা দখল করে আছে। এই এলাকায় একটি ইসলামি শরিয়াভিত্তিক সুন্নি রাষ্ট্র স্থাপনের লক্ষ্যে লড়াই করছে তারা।
সোমবার মসুল দখল করার পর জঙ্গিরা দক্ষিণে আরো এগিয়ে এসে বাইজিয়ে পর্যন্ত এগিয়ে যায়। বাইজিয়ে’তে ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারটি অবস্থিত। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে ধারণা করা হচ্ছে, শোধনাগারটি ইরাক সরকারের নিয়ন্ত্রণেই আছে।
