মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল
অজ্ঞাত কারণে একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।
করাচি বিমানবন্দরে তালেবান হামলার পর নিরাপত্তাজনিত কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে মনে করছে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কর্মকর্তারা।
বুধবার মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের তিনদিনের সফরে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।
সফরে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এর সঙ্গে বৈঠক ও ইসলামাবাদের মালদ্বীপ দূতাবাস পরিদর্শনের কথা ছিল ইয়ামিনের। এছাড়া পাকিস্তানের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও তার বৈঠক করার কথা ছিল বলে দ্য ডন জানায়।
ইয়ামিনের সফরের জন্য নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে মালদ্বীপ দূতাবাস থেকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়, অনির্দিষ্ট কালের জন্য প্রেসিডেন্টের সফর স্থগিত করা হয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, কী কারণে সফর স্থগিত করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মালদ্বীপ দূতাবাস, তবে বিমানবন্দরে হামলাই সফর বাতিলের কারণ এমন ইঙ্গিত দেয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনিম আসলাম জানিয়েছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট আসবেন কীনা তা নিশ্চিত না করায় তার সফরসূচী চূড়ান্ত করা হয়নি।
