‘বলিভিয়ার ১২৩ বছরের বৃদ্ধের মৃত্যু’
বলিভিয়ার আন্দিজ পার্বত্যাঞ্চলের এক গ্রামের ‘১২৩ বছর’ বয়সী একজন আদিবাসী মারা গেছেন। তার কথিত বয়স তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মর্যাদা এনে দিতে পারতো।
সোমবার রাতে টিটিকাকা হ্রদের পাশে নিজ গ্রামে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার ছেলে।
আইমারা ইন্ডিয়ান জাতির এই বৃদ্ধ ব্যক্তির নাম কারমেলো ফ্লোরেস। নিজের বয়স ১২৩ বছর বলে তিনি জানিয়েছিলেন। বলিভিয়ার জাতীয় পরিচয়পত্রে ব্যাপ্টিজম ছাড়পত্র অনুযায়ী তার জন্ম ১৮৯০ সালের ১৬ জুলাই।
কিন্তু সমস্যা হল বলিভিয়া ১৯৪০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে জন্মসনদ দেয়া শুরু করেছে। তাই দেশটির কর্মকর্তারা কখনোই ফ্লোরেসের সঠিক বয়স নিশ্চিত করতে পারেননি।
মঙ্গলবার ফ্লোরেসের প্র্রায় ৭০ বছর বয়সী ছেলে সেসিলো ফ্লোরেস বলেন, “গতরাত ৯ টায় তিনি মারা গেছেন। পানি জমে তার পা ফুলে যাওয়ায় তিনি উঠে দাঁড়াতে পারতেন না। ডাক্তাররা বলেছিলেন, ডায়বেটিসের কারণে এমন হয়েছে।”
কাওন ও নদী পাড়ের মাশরুম থেতেন ফ্লোরেস, এছাড়া প্রায় সারাক্ষণ কোকো পাতা চিবুতেন। এসব খাবারই তাকে দীর্ঘ জীবন দিয়েছে বলে সাধারণভাবে মনে করা হয়।
বলিভিয়ার রাজধানী লা পাজের পূর্ব দিকে আন্দিজ পর্বতমালা এলাকার ৪ হাজার মিটার (১৩১২৩ ফুট) উচুঁতে অবস্থিত গ্রাম ফ্রাসকুইয়ার একটি কুঁড়েঘরে তিনি বাস করতেন।
তিনি ১৯৩২-৩৫ সাল পর্যন্ত বলিভিয়া ও প্যারাগুয়ের মধ্যে সংঘটিত চাকো যুদ্ধে লড়াই করেছেন বলে জানিয়েছিলেন। কিছু সময়ের জন্য তিনি লা পাজে বসবাস করলেও কখনোই সেখানে স্থায়ী হননি।
জীবনের শেষ বছর তিনি টায়ারের রাবার দিয়ে বানানো জুতা পড়ে হাঁটতেন আর একটি শতরঞ্জিতে শুয়ে শুয়ে দৈনন্দিন গ্রামীণ জীবন উপভোগ করতেন।
গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মর্যাদা পেয়েছেন ফরাসি নারী জেনি ক্লামেত। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তিনি মারা যান।
