বিশ্বকাপের উদ্বোধনীতে গাইবেন লোপেজ
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ২০১৪ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
এরআগে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছিল, ২০১৪ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী অংশ নিচ্ছেন না মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ।
২০১৪ সালের অফিসিয়াল থিম সং ‘উই আর ওয়ান’ গানটি গেয়েছেন জেনিফার লোপেজ, কিউবান-আমেরিকান র্যা পার পিটবুল ও ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে।
ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়াশিয়া উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে 'উই আর ওয়ান' গানটি পরিবেশন করার কথা ছিল এই তিন শিল্পীর।
কিন্তু রোববার আকস্মিক এক ঘোষণায় ফিফা জানিয়েছিল, লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।
ফিফার গভর্নিং বডির তরফ থেকে বলা হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার কথা ছিল লোপেজের। কিন্তু ‘কিছু সমস্যার কারণে’ তিনি শেষপর্যন্ত থাকতে পারছেন না।
লোপেজের প্রতিনিধির কাছে এ ব্যাপারে জানতে চাইলে অবশ্য কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। এক ই-মেইলে শুধু বিষয়টা নিশ্চিত করে বলা হয়, “দুঃখজনকভাবে জেনিফার লোপেজ এ বছরের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।”
অবশেষে, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের পর্দা উঠছে পূর্বপরিকল্পনা অনুসারেই। আর তাতে ফুলবলপ্রেমীদের মন মাতাতে সংগীত নিয়ে নামছেন লোপেজ, পিটবুল আর লেইত্তে।
বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘উই আর ওয়ান’ প্রকাশিত হওয়ার পর খোদ ব্রাজিলেই আপত্তির ঝড় ওঠে। প্রথমত, তাদের মতে সাম্বার দেশ ব্রাজিলের সংস্কৃতির সাথে গানটা ঠিক মানানসই নয়।
দ্বিতীয়ত গানটি গেয়েছেন বিদেশি সংগীত তারকা পিটবুল ও জেনিফার লোপেজ, যারা বেশিরভাগ সময়ে ইংরেজি আর পর্তুগিজ ভাষায় গান করেন। ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে পর্তুগিজ ভাষায় গানটিতে কণ্ঠ দিলেও তার অংশ শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ড।
বৃহস্পতিবার সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় শুরু হতে যাচ্ছে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এই লড়াই মাঠে সশরীরে উপস্থিত থেকে উপভোগ করবে ৬০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বের অন্ততপক্ষে ১০০ কোটি মানুষ টেলিভিশনের মাধ্যমে মেতে উঠবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়।
