বিশ্বকাপকে জে লোর না
ব্রাজিলে বিশ্বকাপের পর্দা উঠল বলে। কিন্তু 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ২০১৪ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী অংশ নিচ্ছেন না মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘ফিফা’।
ফিফার গভর্নিং বডির তরফ থেকে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার কথা ছিল লোপেজের। কিন্তু ‘কিছু সমস্যার কারণে’ তিনি শেষপর্যন্ত থাকতে পারছেন না।
লোপেজের প্রতিনিধির কাছে এ ব্যাপারে জানতে চাইলে অবশ্য কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। এক ই-মেইলে শুধু বিষয়টা নিশ্চিত করে বলা হয়, “দুঃখজনকভাবে জেনিফার লোপেজ এ বছরের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।”
বিবৃতিতে ফিফা আরও জানায় যে, ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়াশিয়া উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে 'উই আর ওয়ান' গানটি পরিবেশন করবেন কিউবান-আমেরিকান র্যাপার পিটবুল আর ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে।
বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘উই আর ওয়ান’ প্রকাশিত হওয়ার পর খোদ ব্রাজিলেই আপত্তির ঝড় ওঠে। প্রথমত, তাদের মতে সাম্বার দেশ ব্রাজিলের সংস্কৃতির সাথে গানটা ঠিক মানানসই নয়। দ্বিতীয়ত গানটি গেয়েছেন বিদেশি সংগীত তারকা পিটবুল ও জেনিফার লোপেজ, যারা বেশিরভাগ সময়ে ইংরেজি আর পর্তুগিজ ভাষায় গান করেন। ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে পর্তুগিজ ভাষায় গানটিতে কণ্ঠ দিলেও তার অংশ শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ড।
