২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালোবাসার’ ভার সইলো না সেতু

মোহময় শহর প্যারিসে একটি দুর্ঘটনা বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে যুগলদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jun 2014, 11:10 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

ভালোবাসার স্মারক হিসেবে প্যারিসের সীন নদীর ‘পন্ট ডাস আর্টস’ সেতুর রেলিংয়ে তালা (লাভ লক) বেঁধে আসছিল প্রেমিক প্রেমিকারা। হাজার হাজার লাভ লকের ভারে রোববার সেতুর রেলিং পাটাতনে ভেঙে পড়ে।

এ ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য সেতুটি বন্ধ দেয় কর্তৃপক্ষ। অবকাঠামো ঠিক করার পর ভালোবাসার স্থায়িত্ব ধরে রাখতে বিকল্প উপায় নিয়ে ভাবতে নাগরিকদের অনুরোধ করেন প্যারিস মেয়র।

প্যারিসসহ ইউরোপের আরো কয়েকটি শহরে এ ধরনের সেতুতে তালা গাঁথার প্রচলনটি শুরু হয় পাঁচ বছর আগে।  নিজেদের বন্ধন স্থায়ী করার প্রত্যাশায় প্রেমিক-প্রেমিকারা নিজেদের নাম লেখা তালা সেতুর রেলিংয়ে গেঁথে চাবিটি সীন নদীতে ফেলে দেন।

দর্শনার্থীদের ওই কাণ্ড অনেক আগেই পন্ট ডাস আর্টস সেতুকে ভারাক্রান্ত করে তুলেছিল। সেজন্য বিভিন্ন মহল থেকে কর্তৃপক্ষকে সতর্কও করা হয়। প্যারিসের মেয়র অ্যানি ইদালগো নিজেই গত মাসে লাভ লক বা ভালোবাসার তালার বিকল্পের খোঁজার বিষয়ে বিতর্কের আহ্বান করেন।

কিন্তু পর্যটকদের আগ্রহ কমে যাওয়া এবং প্যারিসের ঐতিহাসিক খ্যাতি নষ্ট হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ সেই উদ্যোগ নিতে পারেনি।

এরই মধ্যে রোববার সেতুটির রেলিং ধসে পড়ে। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। পরের দিন সোমবার তা আবার চালুও হয়েছে।

তবে সেতুর দুই পাশের ধাতবের তৈরি গ্রিল সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে বসানো হয়েছে কাঠের বেড়া।

স্থানীয় জনপ্রতিনিধি ব্রোনো জুলিয়ার্ড টুইটারে বলেন, এ ধরনের তালার বিকল্প খুঁজে বের করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে।