২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইরাকের মসুল শহর

সপ্তাহব্যাপী যুদ্ধের পর ইরাকের নিনভাহ প্রদেশের রাজধানী মসুলের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সেখান থেকে পুলিশ ও সেনা সদস্যরা তাদের পোশাক ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার রাতে কয়েশ সশস্ত্র সুন্নি বিদ্রোহী উত্তরাঞ্চলের মসুল শহরে সরকারি কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। তারা কায়েকটি থানায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এছাড়া বিমান বন্দর ও সেনাবাহিনীর ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা।

মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জরুরি অবস্থান ঘোষণার জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন। এছাড়া জঙ্গিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠীর সাহায্যও চেয়েছেন তিনি।

একই সময় উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় জোড়া বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এক ব্যক্তির হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামান বিক্ষোভকে লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্ট এবং এর সহযোগী বাহিনী উত্তরাঞ্চলে একের পর বড় ধরনের হামলা চালিয়ে আসছে। এতে অসংখ্য মানুষের মৃত্যু হযেছে।

ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিবেদক জিম মুইর জানান, বিদ্রোহীরা গত এক মাস ধরেই অনানুষ্ঠানিকভাবে নিনাভাহ প্রদেশের দখল নিয়েছিল। তারা সেখানকার মহাসড়কে ভারী যানবাহন থেকে টোল তুলছিল।  

গত পাঁচ দিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করার পর সোমবার রাতে প্রদেশিক রাজধানী মসুলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শহরটিতে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। 

সোমবারেই নিনাভাহ প্রদেশের গভর্নর আথিল আল-নুজাইফি টেলিভিশনে দেয়া ভাষণে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। তবে বিদ্রোহীদেরকে প্রাদেশিক সদরদপ্তরের দিকে এগিয়ে আসতে দেখে পালান তিনি।

শহর দখলের পর বিদ্রোহীরা সাধারণ জনগণের নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়ে মাইকিং করেছে। তবে কেউ প্রতিরোধ করতে আসলে তাদেরকে পাল্টা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ার করে তারা।

রাতে স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, পুলিশ ও সেনা সদস্যরা নিজেদের পোশাক পরিহার করে সেখান থেকে পালাচ্ছে। মসুল এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।