২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল গান্ধীকে মোদির উষ্ণ সম্ভাষণ

লোকসভা নির্বাচনী প্রচারণা চলাকালে পরস্পরকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করলেও নির্বাচনের পর প্রথম মুখোমুখি সাক্ষাতে রাহুল গান্ধীকে উষ্ণ সম্ভাষণে বরণ করলেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার লোকসভা ও রাজ্যসভার এক যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ভাষণ দেয়ার পর মোদির সম্ভাষণে রাহুল সিক্ত হন বলে পিটিআই’র বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

লোকসভার প্রধান মিলনায়তনের অষ্টম সারিতে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসেছিলেন দলটির সহসভাপতি রাহুল। হাফ হাতা কুর্তা পরিহিত মোদি রাহুলের কাছাকাছি গিয়েই তার দিকে হাত বাড়িয়ে দেন।

করমর্দন করার পর দুনেতা কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী প্রচারণার সময় একে অন্যকে প্রবল আক্রমণে জর্জরিত করলেও শেষ পর্যন্ত মোদি ও তার দল বিশাল জয় পায়।

প্রেসিডেন্টের ভাষণ শুরু হওয়ার আগে রাহুলের মা কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী বিজেপি নেতা এল কে আদভানির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। অধিবেশনে পাশাপাশি আসনে বসে ছিলেন তারা।

প্রণব মুখোপাধ্যায়ের ৫৫ মিনিটের ভাষণের সময় চন্দন মিত্র, বাবুল সুপ্রিয়, রাজ্যবরণ রাঠোর ও মনোজ তিওয়ারিসহ বেশ কয়েকজন লোকসভা সদস্যকে বসার আসন না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।