ব্রাজিলের সাও পাওলো মনোরেল প্রকল্পে দুর্ঘটনা
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে নির্মাণাধীন মনোরেল প্রকল্পের একটি অংশ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত দুজন আহত হয়েছেন।
সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার উদ্বোধন হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১৭ দশমিক ৭ কিমি দৈর্ঘ্যের এই মনোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। কিন্তু বিশ্বকাপ প্রায় শুরু হয়ে গেলেও নির্ধারিত সময়ে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়নি।
সাও পাওলোর কনগোনহাস বিমানবন্দরের সঙ্গে শহরের তিনটি মেট্রো লাইনকে সংযুক্ত করার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কনগোনহাস থেকে প্রধানত ব্রাজিলের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়ে থাকে।
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে দুর্ঘটনা আর নির্মাণ সময়সূচী অনুযায়ী কাজ সম্পন্ন করতে ব্যর্থতার নজির থাকছে।
বিশ্বকাপের ১২টি ভেন্যু তৈরি করার সময় বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত আট শ্রমিক নিহত হয়েছেন।
