বিমান ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তালেবানের
করাচি বিমান বন্দরে হামলা চালানো তালেবান জঙ্গিরা দীর্ঘ সময় বন্দরটির দখল নিয়ে তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলাকারী প্রশিক্ষিত তালেবান জঙ্গিদের ব্যাগে থাকা খাবার ও প্রচুর বুলেটসহ অন্যান্য রণসজ্জা দেখে এমনটি ধারণা করছেন তারা।
রোববার মধ্যরাতে করাচিতে জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পাঁচ ঘণ্টার বন্দুক যুদ্ধে মারা যায় জঙ্গিদের সাত সদস্য। এছাড়া পরে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আরো তিন জঙ্গি আত্মহুতি দেয়। এ ঘটনায় ১০ জঙ্গিসহ মোট ২৭ জন নিহত হন।
আফগান সীমান্তবর্তী এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় বহু তালেবান সদস্য হতাহত হওয়ার প্রতিশোধ নিতে রাতের ওই হামলা চালানো হয় বলে তালেবানদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিমান বন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পরিকল্পনাও ছিল তাদের।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরও করাচির নৌ ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়েছিল তালেবান।
তালেবানের মুখপাত্র শাহিদু্ল্লা শাহিদ রয়টার্সকে বলেন, “ওই হামলার মূল লক্ষ্য ছিল সরকারকে অচল করা। এছাড়া একটি বিমান ছিনতাই ও স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনাও ছিল।
আমরা কী করতে পারি এটা হলো তার একটা নমুনা। ভবিষ্যতে এরকম আরো হামলা হবে। সরকারকে আরো খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।” বলেন তিনি।
যেভাবে হামলা হয়
হামলাকারীরা বিমান বন্দরের নিরাপত্তা রক্ষীদের পোশাক পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ছোট একটি গাড়িতে করে কার্গো টার্মিনালে ঢুকে পরে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, তারা ভেতরে ঢুকেই দুইভাগে বিভক্ত হয়ে যায়। একদল গেইট ভাঙার চেষ্টা চালায় এবং একই সময় আরেকটি দল কার্গো টার্মিনালের বিভিন্ন অংশে ভাংচুর করতে থাকে।
অপর পুলিশ কর্মকর্তা রাজা ওমার খাত্তাব বলেন, এর পরেই হামলাকারীরা দুইজন করে ভাগ হয়ে যায় এবং হামলা করতে করতে এগোতে থাকে।
“তাদের পরিকল্পনা অত্যন্ত দুর্বল ছিল বলে মনে হয়েছে। দুটি রকেট নিক্ষেপ করতে পারলেও তা নিশানাচ্যুত হয়।”
কার্গো বন্দরের পাশে একটি যাত্রী টার্মিনালের দিকে এগোতে চেয়েছিল জঙ্গিরা। তবে নিরাপত্তা কর্মীদের নজিরবিহীন প্রতিরোধের মুখে সে চেষ্টায় সফল হয়নি তারা।
নিরাপত্তা বাহিনী আরো জানায়, হামলাকারীরা ছিল উন্নত প্রশিক্ষনপ্রাপ্ত। তাদের পিঠে ছিল শুকনো ফল ও পানির বোতল। তারা দীর্ঘ সময় ধরে বিমান বন্দরটি দখলে রাখতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
