২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ভেসে গেল হায়দ্রাবাদের ২৪ শিক্ষার্থী

ভারতের হিমাচল প্রদেশের বেয়াস নদীর তীব্র স্রোতে ভেসে ২৪ শিক্ষার্থীর মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:48 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ওই ২৪ জনই হায়দ্রাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন ছাত্রীও রয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে প্রদেশের মান্দি জেলায় এ ঘটনা ঘটে।

ভেসে যাওয়ার পর ইতোমধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হলেও বাকি শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং।

চলমান উদ্ধার অভিযান নিয়ে তিনি প্রধান সচিব পি মিত্র ও পুলিশের মহাপরিচালক সঞ্জয় কুমারের সঙ্গে পরামর্শ করেছেন বলে সরকারের মুখপাত্র উপসচিব দেবেশ কুমার জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, হায়দ্রাবাদের ভি এন আর ভিগনানা জ্যোতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ৬০ জন শিক্ষার্থী ও বিভাগীয় কয়েকজন সদস্য হিমাচলের মানালিতে শিক্ষা সফরে গিয়েছিলেন।

এই দলের কয়েকজন হানোগি মাতা মন্দিরের কাছে থালাউত এলাকায় বেয়াস নদীর পাড়ে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ নদীতে পানির স্রোত বেড়ে গিয়ে তাদের ভাসিয়ে নিয়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিকটবর্তী জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছেড়ে দেয়ায় নদীর পানি হঠাৎ বেড়ে গিয়েছিল।

এ ঘটনার জন্য দায়ী লারজি জলবিদ্যুৎ প্রকল্পের আবাসিক প্রকৌশলীকে বরখাস্ত করতে ও এ বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে একটি মামলা করতে রাজ্যের বিদ্যুৎ বোর্ডকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিং।

উদ্ধার অভিযান তদারক করতে রাজ্যের জ্বালানি মন্ত্রী সুজন সিং পাথানিয়াকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রোববার রাতে অন্ধকারের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়।

নদীতে প্রবল স্রোত থাকায় নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন তিনি।