যুক্তরাজ্যে গান্ধীমূর্তি ভাংচুর
যুক্তরাজ্যের লেস্টার শহরে স্থাপিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর প্রতিকৃতি বিকৃত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রোববার স্থানীয় পত্রিকা লেস্টার মারকুরির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, দুস্কৃতকারীরা ব্রোঞ্জের তৈরি ওই প্রতিকৃতির মাথায় লাল কাপড় বেঁধে দেয়। এছাড়াও এর দুই পাশে শিখ ধর্মের প্রতি সহানুভূতিশীল স্লোগান লেখা হয়।
পত্রিকাটি জানায়, মূর্তির পাদদেশের দুই পাশে ‘৮৪ সালকে কখনো ভুলে যেও না’ এবং ‘আমরা ৮৪ সালের ঘটনায় ন্যায় বিচার চাই’ স্লোগান দুটি লিখে রাখা হয়েছিলো।
পরে লেস্টার সিটি কাউন্সিলের কর্মচারীরা লেখাগুলো মুছে ফেলেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
১৯৮৪ সালে শিখ ধর্মাবলম্বী একদল বিচ্ছিন্নতাবাদী অমৃতসরে শিখ স্বর্ণমন্দিরে আশ্রয় নিলে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।
'অপারেশন ব্লুস্টার' নামে পরিচিত এ অভিযানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
এ ঘটনার পাঁচ মাসের মাথায় অভিযানের প্রতিশোধ হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করে তার শিখ দেহরক্ষীরা।
এরপরই রাজধানী নয়া দিল্লিতে ব্যাপকভাবে শিখবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজার শিখ নিহত হন।
ইংল্যান্ডের ইস্টমিডল্যান্ড অঞ্চলের পূর্ব লেস্টারে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ এমপি কেইথ ভাজ গান্ধীর প্রতিকৃতি বিকৃতির নিন্দা জানিয়ে বলেন, “সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে মূর্তিটির পূজা করে থাকে। এর ওপর রাজনৈতিক কথাবার্তা লিখে যাওয়া মানে তা ভাংচুরেরই সামিল।”
২০০৯ সালে জুনে লেস্টার মহাত্মা গান্ধীর দ্বিতীয় মূর্তিটি স্থাপন করা হয়। এর আগে ১৯৬৮ সালে লন্ডনের তাভিস্টক স্কয়ারে গান্ধীর প্রথম মূর্তি স্থাপন করা হয়েছিল।
