২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

মিশরের সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তা আল সিসি দেশটিরন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jun 2014, 03:52 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

রোববার মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে বিচারকদের একটি প্যানেলের সামনে মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সিসি।

গত বছর সেনা প্রধান থাকার সময় গণঅসন্তোষের সুযোগ নিয়ে মিশরের ইতিহাসে প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিলেন তিনি।

এর আগের বছর ২০১১ সালে ব্যাপক গণঅভ্যুত্থানের মাধ্যমে ৩০ বছর ধরে মিশর শাসন করা সাবেক সেনাপ্রধান প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রের যাত্রা শুরু করার স্বপ্ন দেখেছিল মিশরীয় জনগণ। কিন্তু তিন বছরের মধ্যেই আবার একজন সাবেক সেনা প্রধান দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।

শপথে সিসি মিশরের প্রজাতান্ত্রিক ব্যবস্থা, এর আইন ও দেশের জনগণের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পর্দার অন্তরালে সিসিই ছিলেন মিশরের প্রকৃত শাসক। যদিও একটি অন্তর্বর্তী সরকার মুরসি ও সিসি’র মধ্যবর্তী সময়টিতে মিশরের সরকার পরিচালনা করেছে।

মধ্যবর্তী ওই সময়ে মুরসি’র দল মুসলিম ব্রাদারহুডকে নির্মূল করার ব্যাপক প্রচেষ্টা চালান সিসি। ব্রাদারহুডের ৮৬ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয় ইসলামপন্থী গোষ্ঠিটি। রক্তাক্ত সেনা অভিযানে গোষ্ঠিটির প্রায় এক হাজার নেতাকর্মীকে হত্যার পর এর হাজার হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করে বিচারের মুখোমুখি করা হয়। বিচারে এরই মধ্যে গোষ্ঠিটির ৬শ’য়েরও বেশি নেতাকর্মীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।