বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৬০
ইরাকের রাজধানী বাগদাদ জুড়ে ধারাবাহিক গাড়িবোমা বিস্ফোরণে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে সেখানে অবস্থান নিয়েছে সুন্নি বিদ্রোহীরা।
শনিবারের এসব বোমা হামলার অধিকাংশই বাগদাদের শিয়া এলাকাগুলো লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রগুলো।
এ দিন চালানো প্রায় এক ডজন হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে নগরের বায়হা এলাকায়। এখানে এক গাড়িবোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হন। নিহতদের অধিকাংশই বিলিয়ার্ড খেলারত তরুণ বলে জানা গেছে।
অন্য বোমা হামলাগুলোর মধ্যে একটি সিনেমা হলের কাছে, একটি জনপ্রিয় শরবতের দোকানে ও অন্যটি একটি শিয়া মসজিদে চালানো হয়।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইরাকের শিয়া জনগোষ্ঠি প্রায়ই সুন্নি বিদ্রোহীদের গুপ্ত হামলার শিকার হয়।
গত কয়েক বছরে ইরাকে শিয়াদের ক্রমবর্ধমান ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুন্নি বিদ্রোহীদের হামলাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশের প্রধান দুটি শহর রামাদি ও ফাল্লুজার নতুন অংশ দখল করে বিদ্রোহীরা। শনিবার তারা রামাদির আনবার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।
চলতি বছরের শুরুতেই রামাদির আংশিক নিয়ন্ত্রণ সরকার বিরোধী উপজাতি ও বিদ্রোহীদের হাতে চলে গিয়েছিল।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রক্ষীদের অবস্থানের পেছনে বোমা হামলা চালিয়ে এবং রক্ষীদের সঙ্গে সরাসরি লড়াই করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিদ্রোহীরা।
শনিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্রোহীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে যাচ্ছিল তারা। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ক্যাম্পাস ত্যাগ করার সুযোগ দেয়।
রোববার ভোর ৪টার দিকেও তীব্র গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আটকে পড়া এক অধ্যাপক।
আনবার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কারা নিয়েছে তা পরিষ্কার নয়। তবে রামাদি ও ফাল্লুজায় সুন্নি উপজাতি বিদ্রোহীদের পাশাপাশি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত’র (আইএসআইএল) জঙ্গিরাও সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
