উত্তর প্রদেশে গুলিতে বিজেপি নেতা নিহত
ভারতের উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দাদরি এলাকায় আততায়ীর গুলিতে এক বিজেপি নেতা নিহত হয়েছেন।
নিহত বিজয় পণ্ডিত (৩৭) জেলা বিজেপির সাবেক সহসভাপতি এবং দাদরি নগর পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান গীতা পণ্ডিতের স্বামী।
শনিবার রাতে বাসায় ফেরার সময় চার আততায়ী তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে এনডিটিভি।
তিনদিন আগে রাজধানী নয়া দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর এবার বিজেপি’র আরেক নেতা খুন হলেন।
ঘটনাস্থল দাদরি নগর নয়া দিল্লি থেকে ৪৮ কিমি দূরে।
বিজয় নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত বিজেপি কর্মীরা ঘটনাস্থল জিটি রোডে ব্যাপক ভাংচুর করে ও ১৬টি গাড়িতে আগুন দেয়।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে বিজয় তার ভাইয়ের দোকান থেকে বাসায় ফেরার পথে দুটি মোটর সাইকেলে চার আততায়ী এসে তাকে ঘিরে ধরে। তারা বিজয়ের কানের পাশে ও মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে গুলি করে।
বিজয়কে গুলি করার পর হামলাকারীরা এলোপাতাড়ি কয়েকটি গুলি ছুড়লে একটি গুলি আহত বিজয়ের বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় বিজয়কে ফেলে রেখে আরো কয়েকটি ফাঁকা গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পালিয়ে যাওয়ার সময় আততায়ীদের একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে গেলে সেটি রেখেই তারা পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় বিজয়কে দাদরি’র মোহন স্বরূপ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে গাজিয়াবাদের যশোদা হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে গ্রামবাসী ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ১৬টি গাড়ি পুড়িয়ে দেয় এবং
রাস্তা দিয়ে যাওয়া বাস ও অন্যান্য গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে।
উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এ সময় দুজন পুলিশ আহত হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
লোকসভা নির্বাচন চলাকালে কয়েকবার বিজয়কে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
