অর্থ পাচারে মহিষ!
জাল মুদ্রা পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যিনি বাংলাদেশ থেকে মহিষের মাধ্যমে ওই চোরাকারবার পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভারতের মিড-ডে পত্রিকার খবরে বলা হয়, গ্রেপ্তার মোহাম্মাদ মাখদুম জালাল শেখ (৩৫) পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মহিষের পেটে বেঁধে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করছিলেন তিনি।
মুদ্রা পেঁচানো ওই মহিষগুলো সীমান্তের নদী পথে ভাসিয়ে দেয়া হত। সেগুলো সাঁতার কেটে ভারতীয় অংশ পৌঁছালে মুদ্রাগুলো সংগ্রহ করে বিভিন্ন রাজ্যের চোরাচালানিদের মাধ্যমে বিতরণ করা হত।
ফাইল ছবি
অভিযান চলানোর সময়ও মুম্বাইয়ের এক এজেন্টের কাছে জালমুদ্রা বিতরণ করছিলেন মাখদুম বলে মিড-ডে পত্রিকার খবরে বলা হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার শহর মালদাতে জাল মুদ্রা লেনদেনের বড় একটি চক্র কাজ করে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
অভিযানে অংশ নেয়া এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার মাখদুম পুলিশের তালিকাভুক্ত জালমুদ্রা পাচারকারী। একই অপরাধে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। দীর্ঘ চেষ্টার পর তাকে ধরতে পেরেছে পুলিশ।
