জামিন পেলেন এমকিউএম নেতা
পাকিস্তানের করাচিভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর নির্বাসিত নেতা আলতাফ হুসেন লন্ডনে জামিনে মুক্তি পেয়েছেন। অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার বিকেলে ৬০ বছরের আলতাফকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে বিবিসি।
আলতাফ মুক্তি পেলেও তদন্তকারীরা তদন্ত অব্যাহত রেখেছেন। জুলাইয়ে পুলিশের কাছে আলতাফের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তারের পর শারীরিক পরীক্ষার জন্য তাকে ওয়েলিংটন হাসপাতালে পাঠানো হয়েছিল। শুক্রবার সকাল পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পর শুক্রবার সকালে হাজতে ফিরে আসতে রাজি হন তিনি। এরপর বিকেলে জিজ্ঞাসাবাদের পর রাতে জামিনে মুক্তি দেয়া হয়।
আলতাফকে গ্রেপ্তারের খবরে করাচিতে এমকিউএম’র সমর্থকরা প্রতিবাদ সমাবেশ করে আসছিল। শুক্রবার রাতে আলতাফের মুক্তির খবর পৌঁছলে শহরজুড়ে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।
১৯৯০ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে ব্রিটেনে বসবাস করছেন তিনি। পাকিস্তানে ফিরলে তার প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
আলতাফ হুসেনকে গ্রেপ্তার করলে এর প্রতিক্রিয়ায় সহিংস প্রতিবাদ হতে পারে বলে উদ্বিগ্ন ছিল ব্রিটিশ ও পাকিস্তানি কর্তৃপক্ষ।
