২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারার সঙ্গে বৈঠকের পর সিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি ট্রাম্পের

পাশাপাশি সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

শারার সঙ্গে বৈঠকের পর সিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি ট্রাম্পের
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে শারার এ বৈঠকের ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 12:11 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। এটি সিরিয়ার একজন প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। হোয়াইট হাউজে ট্রাম্প তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

শারা একজন সাবেক আল কায়েদা কমান্ডার আর কিছুদিন আগেও কালো তালিকভুক্ত ‘বিদেশি সন্ত্রাসবাদী’ হিসেবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল ওয়াশিংটন। 

সোমবার তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সিরিয়াকে সফল করতে তার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 

পাশাপাশি সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।  

শারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দীর্ঘকালীন স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন। তারপর সিরিয়ার নতুন শাসকে পরিণত হওয়া এই সাবেক জঙ্গি কমান্ডার বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজেকে একজন মধ্যপন্থি নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি তার যুদ্ধবিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ও তার দেশের কয়েক দশকের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান।  

ওয়াশিংটনে শারার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ার বিরুদ্ধে আরোপ করে রাখা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পুরোপুরি তুলে নেওয়া নিয়ে দেনদরবার করা। 

ট্রাম্প ও শারার বৈঠক চলার সময় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, সিরিয়ার ওপর আরোপ করা তথাকথিত ‘সিজার’ নিষেধাজ্ঞা স্থগিতের মেয়াদ আরও ১৮০ দিন বৃদ্ধি করেছে তারা কিন্তু এটি পুরোপুরি তুলে নেওয়ার এক্তিয়ার শুধু মার্কিন কংগ্রেসের। 

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে শারার এ বৈঠকের ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল। সেখানে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। আর তার কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট জানান, শারা আর ‘বিশেষ তকমা পাওয়া বৈশ্বিক সন্ত্রাসী’ নন।  

এক সময় শারার মাথার ওপর এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই শারা ওয়াশিংটনে যাওয়ার পর তেমন কোনো উষ্ণ অভ্যর্থনা পাননি। হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের সদর দরজা দিয়ে প্রবেশ না করে শারা একটি পাশ্ববর্তী দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। 

সাধারণত ভিআইপিরা হোয়াইট হাউজে এলে তারা ওয়েস্ট উইংয়ের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন আর সেখানে ট্রাম্প নিজে তাদের অভ্যর্থনা জানান ও আর ক্যামেরায় তার ছবি নেওয়া হয়। কিন্তু শারা হোয়াইট হাউজে প্রবেশের সময় সাংবাদিকরা শুধু এক ঝলক তাকে দেখতে পান। 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প শারাকে একজন ‘শক্তিশালী নেতা’ বলে বর্ণনা করে তার প্রশংসা করেন এবং শারার ওপর তার বিশ্বাস আছে বলে জানান। 

এ সময় ট্রাম্প বলেন, “সিরিয়াকে সফল বানাতে আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব আমরা করবো।” 

ট্রাম্প শারার বিতর্কিত অতীতের বিষয়ে ইঙ্গিত করে বলেন, “আমাদের সবার রূঢ় অতীত ছিল।”

পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা জানান, আল কায়েদার সঙ্গে তার সম্পর্ক অতীতের বিষয় আর ট্রাম্পের সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হয়নি।  

সিরিয়াকে এখন ওয়াশিংটনের হুমকি হিসেবে নয়, এক ভূরাজনৈতিক মিত্র হিসেবে দেখা হয় বলে দাবি করেন শারা।