তিয়েনআনমেন নিয়ে বিতর্কে চীন-যুক্তরাষ্ট্র
তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভ দমনাভিযানের সময় হতাহতের সঠিক সংখ্যা নিরূপণ করতে যুক্তরাষ্ট্রের আহ্বানের কড়া সমালোচনা করেছে চীন।
বিবিসি'র খবরে বলা হয়, সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হাং লি বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণে তার দেশ ক্ষুব্ধ।
এ বিষয়ে ইতোমধ্যেই তারা কড়া প্রতিবাদ জানিয়েছে।
বুধবার তিয়েনআনমেন স্কয়ারে কট্টর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর চীন সরকারের সেনাদের দমনাভিযানের ২৫ বছর পূর্তি ছিল।
১৯৮৯ সালের ৪ জুনের ওই ঘটনায় হাজার হাজার কিংবা শতশত বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হলেও এর সঠিক কোনো হিসেব নেই।
এ উপলক্ষে হংকংয়ে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলেও তাদেরকে কোনো স্মরণোৎসব করতে দেয়া হয়নি। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী যাতে তিয়েনআনমেন অভিযানের স্মরণে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে না পারে বেইজিং সে ব্যাপারে তৎপর ছিল।
তবে মানবাধিকার পরিস্থিতির প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার লক্ষ্যে চীনা কর্তৃপক্ষকে স্মরণসভা আয়োজন করতে দেয়ার অনুরোধ করেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, “১৯৮৯ সালের ৪ জুনের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা নিরূপণে আমরা চীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিয়েনআনমেন হত্যাকাণ্ডের কথা উল্লেখ না করে হাং বলেন, ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি ঘটনাকে অসম্মান করার সামিল।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে হাং বলেন, যুক্তরাষ্ট্রের ওই ধরনের বিবৃতির তীব্র নিন্দা ও অনাস্থা জ্ঞাপন করছে চীন। এ বিষয়ে ওয়াশিংটনকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও সিনহুয়ার খবরে জানানো হয়।
