রাশিয়ায় আরো নিষেধাজ্ঞার হুমকি জি-সেভেনের
শিল্পোন্নত ৭ দেশের জোট জি-সেভেন ইউক্রেইন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাপান ও ইতালি নিয়ে গঠিত এ জোট এক যৌথ বিবৃতিতে ইউক্রেইনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মস্কোর নিন্দা করেছে।
রাশিয়া পূর্ব ইউক্রেইনে স্থিতিশীলতা ফেরাতে সাহায্য না করলে তাদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের ওই হুমকি দিয়েছে জি-সেভেন।
পূর্ব ইউক্রেইনে রুশপন্থিরা দাপটের সঙ্গে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইউক্রেইন গত মাসে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন করলেও পূর্বে রাশিয়ার সীমান্তের কাছে পরিস্থিতি অশান্ত। সশস্ত্র নানা গোষ্ঠী সেখানে ইউক্রেইনের সরকারি বাহিনীর ওপর হামলা করছে এবং রাষ্ট্রীয় ভবনগুলো দখল করছে।
ব্রাসেলসে বুধবার সন্ধ্যায় আলোচনার পর এক বিবৃতিতে জি-সেভেন বলেছে, “আমরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা আরো বাড়াতে প্রস্তুত। প্রয়োজন হলে রাশিয়ার ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে মস্কোকে আরো বেশি মূল্য দিতে হয়।”
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, “পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়া কি করছে তা পশ্চিমারা বারবারই যাচাই করে দেখবে। ইউক্রেইনকে অস্থিতিশীল করার চেষ্টা আমরা মেনে নেব না। এ প্রশ্নে কোনো অগ্রগতি না দেখলে আমাদেরকে নিষেধাজ্ঞার দিকে যেতে হবে। তৃতীয় ধাপে কঠিন সব নিষেধাজ্ঞাও(বাণিজ্য, অর্থনীতি এবং জ্বালানি খাত)আমাদের হাতে আছে”।
গত মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপে অনুষ্ঠিত গণভোটের জের ধরে এ প্রজাতন্ত্র রাশিয়ায় যোগ দেয়ার পর পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র টানাপড়েন তৈরি হয়।
রাশিয়া ইউক্রেইনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা এ পর্যন্ত রাশিয়ার বহু শীর্ষস্থানীয় কর্মকর্তার সম্পদ জব্দ করাসহ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিল্পোন্নত আট জাতির জোট জি-এইট থেকে রাশিয়াকে বহিস্কারও করেছে।
তবে রাশিয়া পূর্ব ইউক্রেইনে রুশপন্থিদের বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কো বলছে, ইউক্রেইনের পাশ্চাত্যপন্থী সরকারের বিরুদ্ধে সেদেশের রুশপন্থিরা নিজেরাই বিদ্রোহ করেছে। তাদের ওপর মস্কোর নিয়ন্ত্রণ নেই।
ক্রিমিয়া গণভোটের মধ্য দিয়ে ইউক্রেইন থেকে আলাদা হওয়ার পর একইভাবে গণভোট করেছে পূর্ব ইউক্রেইনের দোনেস্ক এবং লুহান্সক। ওই জায়গাগুলোতে এখন ইউক্রেইনের সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলছে।
