যুক্তরাষ্ট্রে সেনাবিমান বিধ্বস্ত
ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সেনা বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখনো পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর নিশ্চিত করা যায়নি।
সান ডিয়েগোর ৯০ মাইল পূর্বে ইম্পেরিয়াল শহরের একটি আবাসিক ভবনের ওপর বুধবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয় বলে বিবিসি জানিয়েছে।
বিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
মার্কিন মেরিন কর্পস-এর কর্পোরাল মেলিসা লি বিবিসিকে বলেন, অ্যারিজোনার য়ুমার এভি-৮বি হ্যারিয়ার জেট বিমানটি একজন বেসামরিক মানুষের বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার তৎপরতা চলছে। তবে এ ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না।
মেরিন কর্পসের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় অধিবাসী আদ্রিয়ানা রামোস (৪৫) জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তার বাড়িটি কেঁপে উঠে।
তিনি বলেন, “আমার মনে হচ্ছিল পেছনে কোন বোমার বিস্ফোরণ ঘটেছে।”
একজন প্রত্যক্ষদর্শী হোসে সান্তোস জানান, তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার চোখে পড়ে বিমানটি অনেক নিচু দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “এটি সত্যি সত্যি পড়ে গেল।”
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের একটি সেনা জেট বিমান সান ডিয়াগোর একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে ৪ জন বেসামরিক মানুষ মারা যান। ওই দুর্ঘটনায়ও বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বেড়িযে যেতে সক্ষম হন।
