টাওয়ার হ্যামলেটসে গ্রেপ্তার ২
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোয় ভোটে অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে,দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত মেয়র ও কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওই নির্বাচনে লেবার পার্টির জন বিগসকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান, যার বিরুদ্ধে উগ্রপন্থী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
নির্বাচনের সময় লুৎফরের গড়ে তোলা টাওয়ার হ্যামলেটস ফার্স্ট পার্টির কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকে প্রচারপত্র বিলি ও তাদের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের জোরাজুরি করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে এসেছে ভোট জালিয়াতি নিয়েও।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,পোস্টাল ভোটে জালিয়াতির অভিযোগে মঙ্গলবার ২৪ বছর বয়সী এক যুবককে ধরে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে এক কর্মকর্তা তাদের জানিয়েছেন।
এছাড়া মের শেষদিকে ৩৮ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ রয়েছে।
গত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোট চলাকালে কেন্দ্রে ও ভোট গণনার সময় অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, পুলিশ ও নির্বাচন কর্তৃপক্ষের সমালোচনার মুখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ভোট জালিয়াতি প্রবণ ১৬টি এলাকার মধ্যে টাওয়ার হ্যামলেটসকে রেখেছিল নির্বাচন কমিশন।
