২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ বিয়ে করে শ্রীঘরে

৭০ টির বেশি বিয়ে করে তাদের অর্থকড়ি ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগে ভারতের পাটনায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:03 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

মোহাম্মদ সিজাম নামের ওই ব্যক্তিকে বিহার পুলিশ গ্রেপ্তার করার পর কেউ ভাবতে পারেনি এই লোকটিই ভুলিয়ে ভালিয়ে বিহার আর পাশের পশ্চিমবঙ্গের ৭২ জন নারীর পাণি গ্রহণ করেছেন।

পুলিশ বলছে, সিজাম নিজেকে রেলেওয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে বিলাসী জীবনের লোভ দেখিয়ে গ্রামের তরুণীদের হাত করতেন।

এভাবে বিয়েতে রাজি করিয়ে তিনি কিছুদিন কনের বাড়িতে থাকতেন। এভাবে তিনি হাতিয়ে নিতেন স্বর্ণালঙ্কারসহ দামী জিনিসপত্র। নতুন জায়গায় বদলির কথা বলে হঠাৎ করে চলে যেতেন তিনি। বলতেন, শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দিয়ে ফিরবেন।

মেয়ে হিন্দু হলে নিজেকে হিন্দু এবং মেয়ে মুসলমান হলে নিজেকে মুসলমান পরিচয় দিতেন সিজাম। নিজের পরিচয় বদলাতে অনেক নাম ব্যবহার করতেন তিনি। রেল কর্মকর্তার পোশাক পরে তিনি ট্রেনে ভ্রমণও করতেন।

তাকে জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তা রাজকুমার পাসবান বলেন, “তিনি এত সপ্রতিভ যে তার কোন স্ত্রীই তার আগের কোন স্ত্রীর খবর পাননি।”

“গ্রেপ্তারের পর তার ফোনে অনেক মেয়ের ফোন আসে স্ত্রীর পরিচয়ে।”