২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার কুট কৌশলের নিন্দায় ওবামা

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন এবং কুট কৌশলের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

পোল্যান্ডে গণতন্ত্রের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার ওয়ারশ’র রয়াল ক্যাসেল স্কয়ারে এক বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

রাশিয়াকে সরাসরি আক্রমণ করে ওবামা বলেন, একবিংশ শতাব্দীতে এসে ইউক্রেইনে রাশিয়ার কুট কৌশল ধোপে টিকবে না।

ইউরোপজুড়ে প্রতিটি দেশকে তার নিজস্ব পথে আগানোর পরিকল্পনা নিতে হবে এবং রাশিয়ার মতো কোনো দেশের বিপজ্জনক থাবার নিচে আর পড়া চলবে না বলে মন্তব্য করেন ওবামা।

তিনি বলেন, “আমরা একে অপরের পাশে আছি। কারণ, দেশ এবং জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার আছে বলেই আমরা বিশ্বাস করি। এর মধ্যে ইউক্রেইনের জনগণও আছে”।

“আর তাই আমরা স্বাধীন দেশগুলো সব ঐক্যবদ্ধ থাকব যাতে করে রাশিয়ার ফের কোনো উস্কানি দিলে তারা কেবলই আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদেরকে আরো মূল্য দিতে হয়”।

ওবামা এর আগে ইউক্রেইনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোর সঙ্গে দেখা করে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে পোরোসেনকোর পরিকল্পনা সমর্থন করেন।

ইউক্রেইনের নেতৃত্বে পোরোসেনকোকে সুযোগ্য নেতা হিসাবে উল্লেখ করে ওবামা বলেন, বিশ্ব সম্প্রদায় পাশে থাকলে তার নেতৃত্বে জাতি একটি শক্তিশালী ও সফল গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে।