২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গডালের মুক্তির ভিডিও প্রকাশ করেছে তালেবান

বন্দি মার্কিন সেনা বোয়ি বার্গডালকে মুক্তি দেয়ার ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বোয়ি বার্গডালকে (২৮) মুক্তি দেয় তালেবান। বিনিময়ে তারা মুক্ত করে গুয়ানতানাসো বে’র মার্কিন বন্দিশিবিরে বন্দি ৫ শীর্ষ তালেবান নেতাকে।

আর এখন বার্গডালের মুক্তির ১৭ মিনিটের ভিডিওচিত্র প্রকাশ করলে তালেবান।

এতে দেখ গেছে, দাড়ি-গোঁফ কামানো, মাথা মোড়ানো এবং সাদা পায়জামা পাঞ্জাবি পরা বার্গডাল একটি সাদা পিক আপ ট্রাকে বসে আছেন। তাকে পাহারা দিয়ে আছে তালেবান জঙ্গিরা।

এরপর সেখানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নামতে দেখা যায়। আর তখনই সাদা পতাকা হাতে তালেবান যোদ্ধাদের একজন বার্গডালকে নিয়ে সামনে এগিয়ে গিয়ে তাকে মার্কিন বাহিনীর হাতে তুলে দেয়।

ঘটনাটি ঘটে পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত প্রদেশের আলি শের এলাকায়। তবে ভিডিওটির সত্যাসত্য নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

বন্দি বিনিময়ের ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। রিপাবলিকানরা বন্দি বিনিময়ের সমালোচনা করে বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে এ আপোস এবং গুয়ানতানামোর বিপজ্জনক তালেবান নেতারা মুক্তি পাওয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, বন্দি সেনাকে মুক্ত করার মধ্য দিয়ে ‘যুদ্ধক্ষেত্রে কোনো সেনাকে পিছনে ফেলে না আসা’র নীতিই অনুসরণ করেছেন তিনি।