২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিয়েনআনমেন: ২৫ বছর পর

চীনের তিয়েনআনমেন হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকীতে সম্ভাব্য বিক্ষোভ-বিশৃঙ্খলা ঠেকাতে তিয়ানআনমেন স্কয়ারসহ রাজধানী বেইজিংজুড়ে ব্যাপক পরিসরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:27 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

দিবসটি আসার আগে থেকেই সম্প্রতি কয়েক সপ্তাহ জুড়ে ভিন্নমতাবলম্বীদের ওপর দমনাভিযান চালিয়েছে সরকার৷ আটক করা হয়েছে অনেককে৷ বাধা সৃষ্টি করা হয়েছে ইন্টারনেটে৷

তিয়ানআনমেনে মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ । বিদেশি সাংবাদিকদের তিয়ানআনমেনে ঢুকতেও বাধা দেয়া হচ্ছে।

১৯৮৯ সালের ৪ জুন তিয়ানআনমেন স্কয়ারে সমবেত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় কয়েক হাজার লোক হতাহত হয়। গ্রেপ্তার হয় আরও শত শত মানুষ।

বিক্ষোভকারীদের দাবি ছিল রাজনৈতিক সংস্কার। কিন্তু চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কট্টরপন্থিরা ক্ষমতার লড়াইয়ে জিতে যাওয়ার পর দমনাভিযানের নির্দেশ দেয়া হয়।
১৯৮৯ সালের ওই বিক্ষোভকে কর্তৃপক্ষ বিপ্লব-বিরোধী দাঙ্গা হিসাবে চিহ্নিত করে ওই দিবস স্মরণে বাধা-নিষেধ আরোপ করেছে। ফলে দিবসটি আসার আগে থেকেই ব্যাপক ধরপাকড় চালিয়ে আসছে সরকার।

কিন্তু চীনের মূল ভূখন্ডে দিবসটি কখনো প্রকাশ্যে পালন করতে দেয়া না হলেও প্রতিবছরই এ দিবস পালন করে আসছে হংকং (১৯৯৭ সালে চীনা শাসনে ফেরা)এবং স্বশাসিত তাইওয়ান (যাকে চীন তাদের অংশ বলে দাবি করে আসছে)।

তিয়েনআনমেন হত্যাকান্ডে নিহত মানুষের কোনো পরিসংখ্যান চীন সরকার কখনো প্রকাশ করেনি। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রত্যক্ষদর্শীদের হিসাবমতে, এ সংখ্যা কয়েকশ’ থেকে কয়েক হাজার।

ওই হত্যাকাণ্ডের ২৫ বছর পর আবারো সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থার শিকার হয়েছে আইনজীবী, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বী কর্মীরা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ৬৬ জনকে আটক, জেরা কিংবা গুম করা হয়েছে।

পুলিশী প্রহরার মধ্য দিয়ে নিহতদের সমাধিতে যেতে দেয়া হয়েছে তাদের স্বজনদের। তাদেরকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে দেয়া হচ্ছে না তাদেরকে। ২৫ বছর পূর্তির সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন বিদেশি সাংবাদিকও আটক হয়েছে।

দিবসটি পালনে এ কড়াকড়ির পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। জনগণের স্বার্থে সরকার সঠিক পথই বেছে নিয়েছে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।