‘ভারত নওয়াজকে স্কুলবয় বানিয়ে ছেড়েছে’
গত সপ্তাহে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘স্কুলে পড়ুয়া বালক’ বানিয়ে ছেড়েছে ভারত। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান এ মন্তব্য করেছেন।
পাকিস্তান ভিত্তিক ‘দ্য ডন’ পত্রিকাকে উদ্ধৃত করে ভারতীয় এনডিটিভি এ খবর দিয়েছে।
পত্রিকাটি সোমবার ইমরান খানের উদ্ধৃতি দিয়ে বলেছে, নয়াদিল্লি সফরের সময় সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের (কাশ্মীরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয সংগঠনগুলোর জোট) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক না করে নওয়াজ কাশ্মীর নিয়ে নতুন বিতর্কের জম্ম দিয়েছেন।
নও্য়াজ দিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারলে হুরিয়াত কনফারেন্সের প্রতিনিধিদের সঙ্গে কেন কোনো বৈঠক করলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান খান।
এর আগে নওয়াজের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মোদির শপথ অনুষ্ঠানে কোন পাকিস্তানি নেতার ভারত সফরকে খুবই আকস্মিক ঘটনা উল্লেখ করে বলেন, এত স্বল্প সময়ে বড় কোন পরিবর্তন আশা করাটা অবাস্তব।
নরেন্দ্র মোদির সঙ্গে নওয়াজ শরীফ দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে ২৭ মে বৈঠক করেন।
বৈঠকে দুই নেতা সীমান্ত সন্ত্রাসসহ নানা বিষয়ে আলোচনা করে সন্ত্রাস নিয়ে উভয় পক্ষেরই সতর্ক থাকার বিষয়ে একমত হন। দুই দেশের অবিশ্বাস দূর করতে সীমান্তে সংঘর্ষ এড়ানোর ব্যাপারেও একমত হন তারা।
কাশ্মীর ইস্যুটি তেমন একটা গুরুত্ব নিয়ে দুই নেতার আলোচনায় স্থান পায়নি। ভারতে এটি পাকিস্তানি প্রধানমন্ত্রীর সৌজন্য সফর হওয়ায় নওয়াজ কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে বৈঠক করেননি বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সারতাজ আজিজ।
