রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপ সফরে ওবামা
ইউক্রেইন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়ানো এবং ইউক্রেইনে রুশ আগ্রসনের ক্ষেত্রে মিত্রদেশগুলোর পাশে থাকার আশ্বাস দিতে চার দিনের ইউরোপ সফরের শুরুতেই পোল্যান্ডে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বিমানবন্দরে পোলিশ প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোভস্কির সঙ্গে দেখা করার মধ্য দিয়ে দেশটিতে সফর শুরু করেন ওবামা। বিমানবন্দরে পৌঁছেই তিনি বলেন, “যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তার ভিত্তিমূল হিসাবেই পোল্যান্ডসহ পূর্ব ইউরোপ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধু এবং মিত্রদেশ হিসাবে আমরা ঐক্যবদ্ধ”।
পোল্যান্ডের প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ওবামার সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর জি-সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য তার বেলজিয়াম ও ফ্রান্স সফরে যাওয়ার কথা রয়েছে।
ইউরোপে এ সফরকালে ওবামা ইউক্রেইনে রাশিয়ার হুমকি ঠেকাতে মস্কোর ওপর চাপ বহাল রাখার জন্য নেতাদেরকে আহ্বান জানাবেন।
ইউক্রেইনে জাতীয় নির্বাচনের পরপরই ওবামা ইউরোপে এ সফরে যাওয়ায় তার অন্যতম কর্মসূচি হচ্ছে ইউক্রেইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোর সঙ্গে সাক্ষাৎ করা। বুধবার পোল্যান্ডের রাজধানীতেই পোরোসেনকোর সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
তাছাড়া, পোল্যান্ড সফরকালেই ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াতে ১শ’ কোটি ডলার তহবিল দেয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন ওবামা।
ইউক্রেইন নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার সময়ে সামরিক মহড়ার জন্য পোল্যান্ডে গত এপ্রিলে ১৫০ জন সেনাও পাঠায় যুক্তরাষ্ট্র। ওবামা বলেছেন, “ইউক্রেইনে বর্তমান পরিস্থিতির আলোকে আমরা আমাদের উপস্থিতি জোরদার করছি”।
