ভারতের ২৯তম রাজ্য হল তেলেঙ্গানা
দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ভেঙে এর উত্তরাংশ নিয়ে গঠিত হয়েছে ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা, যার মধ্য দিয়ে পূরণ হলো ওই অঞ্চলের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি।
রোববার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ভারতের ২৯তম এ রাজ্যের যাত্রা শুরু হয় বলে এনডিটিভি জানায়।
অন্ধ্রপ্রদেশের সাবেক ১০টি জেলা ও হায়দ্রাবাদ শহর নিয়ে নতুন এ রাজ্য গঠিত হয়েছে। এর জনসংখ্যা তিন কোটি ৫০ লাখ।
সোমবার ভোরে নতুন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও। রাজধানী হায়দ্রাবাদের রাজ্য ভবনে নতুন রাজ্যের আনুষ্ঠানিক শুরু ও প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
তার আগে ইএসএল নরসীমান তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন।
আগামী দশ বছর তেলেঙ্গানা ও অন্ধ্রের একজনই গভর্নর থাকবেন এবং হায়দ্রাবাদ শহরই হবে দুই রাজ্যের রাজধানী। এরপর নতুন রাজধানী হিসেবে কোনো জায়গা বেছে নিতে হবে অন্ধ্রপ্রদেশকে।
মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের শপথের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে বলেন, “ভারত একটি নতুন রাজ্য পেল! আমাদের ২৯তম রাজ্য তেলেঙ্গানাকে আমরা স্বাগত জানাই। তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী কে চন্দ্রশেখর রাওকে শুভেচ্ছা। রাজ্যটির উন্নয়নের যাত্রায় এর জনগণের প্রতি আমার শুভকামনা রইল।”
ভারতের লোকসভা নির্বাচনের পাশাপাশি তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে নবগঠিত রাজ্যের বিধানসভার ১১৯টি আসনের মধ্যে চন্দ্রশেখরের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ৬২টি আসন পেয়েছিল।
মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে রাজ্য সরকারের ১২ জন মন্ত্রীও শপথ নেন। তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার জন্য গত ১৪ বছর ধরে টিআরএস আন্দোলন-সংগ্রাম করে আসছিল।
