চোরাচালানিদের হামলায় ছয় মিশরীয় সীমান্তরক্ষী নিহত
মিশরের পশ্চিম সীমান্তে চোরাচালানি ও “অপরাধীদের” হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন।
শনিবার রাতে মিশরীয় সেনাবাহিনীর এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।
পশ্চিম সীমান্তের আল ওয়াহাত এলাকায় টহল দেয়ার সময় হামলার শিকার হন তারা। সম্প্রতি চোরচালানি দলের কিছু সদস্যকে গ্রেপ্তার করে অস্ত্র, গোলাবারুদ, গাড়ি ও মাদক উদ্ধার করেছিল সীমান্তরক্ষী বাহিনী।
ওই ঘটনার প্রতিশোধ নিতে হামলাটি চালানো হয় বলে এক বিবৃতিতে দাবী করেছে সেনাবাহিনী।
পশ্চিম সীমান্তে সুদান ও লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত আছে মিশরের। ২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যূত্থান শুরু হওয়ার পর থেকে ওই সীমান্তে অস্ত্রের সরবরাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
