যুক্তরাষ্ট্রের এক সেনাকে মুক্তি দিয়েছে তালেবান
পাঁচ তালেবান জঙ্গির মুক্তির বিনিময়ে প্রায় পাঁচ বছর ধরে আফগানিস্তানে আটক যুক্তরাষ্ট্রের এক সেনাকে মুক্তি দিয়েছে আফগান তালেবান।
শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বোয়ি বার্গডালকে (২৮) মুক্তি দেয়া হয়।
মুক্ত বার্গডাল এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা।
বার্গডালের মুক্তির বিনিময়ে গুয়ানতানামো বে কারাগারে বন্দি পাঁচ তালেবান জঙ্গিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই তালেবান সদস্যরা এখন কাতারের হেফাজতে আছেন।
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনার পথ ধরে বার্গডালের মুক্তির সমঝোতা হয়।
মুক্তি পাওয়ার পর বার্গডালকে জার্মানিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
পূর্ব আফগানিস্তানে তালেবানের একটি দল বার্গডালকে সুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছে হস্তান্তর করে বলে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
জার্মানিতে পাঠানোর আগে আফগানিস্তানের বাগরামে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে বার্গডালের মেডিকেল চেকআপ করা হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে হোয়াইট হাউসে বার্গডালের পিতামাতার উপস্থিতিতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “আমাদের আনন্দ প্রকাশ করার জন্য, আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি তার পিতামাতাকে ডাকতে পেরে সম্মানিত বোধ করছি। ওনারা বার্গডালের নিরাপদ প্রত্যাবর্তনের আশা করতে পারেন।
২০০৯ সালের ৩০ জুন বার্গডাল তালেবানদের হাতে বন্দি হয়েছিলেন। আফগানিস্তানে বন্দি যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা ছিলেন তিনি।
বার্গডালের মুক্তিতে অবদান রাখার জন্য কাতার সরকারকে ধন্যবাদ দেন ওবামা, পাশপাশি এ বিষয়ে সহায়তার জন্য আফগান সরকারকেও ধন্যবাদ জানান।
