২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দক্ষিণ চীন সাগর এলাকায় বেইজিং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। চীনের কর্মকাণ্ড এই অঞ্চলের দীর্ঘদিনের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে বিঘ্ন ঘটাবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 08:41 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শনিবার সিঙ্গাপুরে তিনদিনব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলন ‘দ্য সাংগ্রি-লা ডায়ালগ’ এ বক্তব্য দেন হেগেল। যুক্তরাষ্ট্র ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ওই সম্মেলনে অংশ নেয়।

চীন, ভিয়েতনাম ও ফিলিপিনসের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনাকর মুহূর্তে সিঙ্গাপুরে চলছে বহুজাতিক নিরাপত্তা সম্মেলন। এছাড়া দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কও বেশ তিক্ত।

বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধানে সম্মেলনে উপস্থিত শীর্ষ নেতারা সামনা-সামনি বসে আলোচনা করছেন।

হেগেল বলেন, “সম্প্রতি দক্ষিণ চীন সাগরে নিজেদের দাবির পক্ষে একক সিদ্ধান্ত এগিয়ে নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। কোনো দেশের এ ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ বা নিজেদের দাবি বাস্তবায়নে বলপ্রয়োগের হুমকি যুক্তরাষ্ট্র সব সময় বিরোধিতা করে।”

কোনো দেশ আন্তর্জাতিক আইন লংঘন করলে যুক্তরাষ্ট্র কারো অপেক্ষায় বসে থাকবেনা বলেও হুঁশিয়ার করেন হেগেল। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে জাপানের অধিকতর অবদান রাখার ইচ্ছাকে স্বাগত জানান তিনি।

একদিন আগে দেয়া বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী সিনজু আবে চীনের তৎপরতার কারণে নিরাপত্তাহীনতায় ভোগা প্রতিবেশী দেশগুলোকে সামুদ্রিক সমঞ্জাম (কোস্টাল বোট) সরবরাহ করে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

তবে চীনের কর্মকর্তারা বলছেন, জাপানের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে তারা চীনা হুমকির ‘মিথকে’ (অবাস্তব কল্পনা) কাজে লাগাচ্ছে।