পাকিস্তানে ‘সম্মান রক্ষায়’ হত্যা: ব্যবস্থা নেয়ার নির্দেশ
পাকিস্তানের লাহোর আদালতের সামনে পরিবারের সম্মান রক্ষার কথিত অজুহাতে পাথর ছুঁড়ে এক নারীকে হত্যার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এ ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।
ফারজানা পারভিন নামের তিনমাসের অন্তঃসত্বা ওই নারীকে পরিবারের অমতে ভালবেসে বিয়ে করার ‘অপরাধে’ তার পরিবারের সদস্যরা প্রকাশ্যে ইঁট ছুঁড়ে ও লাঠিপেটা করে হত্যা করে।
ফারজানার স্বামী মোহাম্মদ ইকবাল বিবিসির কাছে অভিযোগ করেন, এ ঘটনার সময় পুলিশ কাছেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তিনি বলেন, এই হামলা বন্ধ না করে পুলিশ ‘লজ্জাজনক’ ও ‘অমানবিক’ আচরণ করেছে।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ এ ঘটনাকে উপেক্ষা করেছে।
নাম না জানা ওই প্রত্যক্ষদর্শী জানান, “আদালত ভবনের বাইরে পুলিশ দাঁড়িয়েছিল। কিন্তু তাদের সামনেই গণ্ডগোল শুরু হওয়ার পরও পরিস্থিতি সামাল দিতে বা তাকে (ফারজানা) রক্ষা করতে তারা এগিয়ে আসেনি।”
তবে লাহোরের পুলিশ প্রধান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পারভিন হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পারভিন হত্যাকাণ্ডে অংশ নেয়া তার বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও অন্য হামলাকারীরা এখনো মুক্ত রয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান মুজাহিদ হুসেইন বলেছেন, “আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। আর বাকিদের ব্যাপারে তদন্ত চলছে।”
জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই জানিয়েছেন, এ ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’। তিনি পাকিস্তানি সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ভালবেসে বিয়ে করার কারণে পাকিস্তানের লাহোর আদালতের সামনে প্রকাশ্য দিবালোকে ২৫ বছর বয়সী ফারজানা পারভিনকে হত্যা করে তার নিজ পরিবারের সদস্যরা।
ওই দিন বিকেলে ফারজানা পারভিন ও তার স্বামী মোহাম্মদ ইকবাল রাস্তায় দাঁড়িয়ে আদালত খোলার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ফারজানার পরিবারের প্রায় ২০ জন সদস্য তাকে ও তার স্বামীকে আক্রমণ করে।
আক্রমণকারীরা লাঠি ও ইট দিয়ে ফারজানা ও ইকবালকে আঘাত করতে শুরু করে। শত শত লোক এ ঘটনা প্রত্যক্ষ করলেও হামলাকারীদের বাধা দিতে কেউ এগিয়ে আসেনি।
গুরুতর আহত ফারজানাকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ফারজানার বাবা তার কন্যাকে হত্যার কথা স্বীকার করে দাবি করেছেন, পরিবারের ‘সম্মান’ রক্ষার জন্যই ফারজানাকে হত্যা করা হয়েছে।
এই হামলায় ফারজানার দুই ভাই ও তার এক চাচাতো ভাইও জড়িত ছিল। ওই চাচাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছিল।
কিন্তু ফারজানা তার ভালবাসার মানুষ ইকবালকে বিয়ে করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন।
ইকবাল ফারজানাকে অপহরণ করেছে বলে অভিযোগ দাখিল করেছিল ফারজানার পরিবার। সেই মামলার শুনানির জন্যই আদালতে গিয়েছিলেন নবদম্পতি।
তারা একে অপরকে স্বেচ্ছায় বিয়ে করেছেন, আদালতকে এই তথ্যই জানাতে গিয়েছিলেন তারা। কিন্তু পাকিস্তানের নির্মম সামাজিক বাস্তবতার শিকার হতে হল তাদের।
প্রতি বছর কথিত পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে পাকিস্তানে শত শত নারীকে হত্যা করা হয়। পাকিস্তান মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে ৮৬৯ জন নারীকে ‘পারিবারিক সম্মান’ রক্ষার কথিত অজুহাতে হত্যা করা হয়।
