২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ দিয়ে বিচার করুন: স্মৃতি ইরানি

ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অজয় মাকেনের মন্তব্যের পাল্টা জবাবে কাজ দিয়ে তাকে বিচার করার অনুরোধ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার তিনি বলেন, “আমাকে দেয়া কাজ থেকে অন্যমনস্ক করতে বিরূপ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি যেন আমার কাজ দিয়ে আমাকে বিচার করা হয়।”

কাজ দেখিয়েই ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নিজের অবস্থান করে নিয়েছেন বলে দাবি করেন অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা ৩৮ বছর বয়সী মোদির এই সহকর্মী।

মঙ্গলবার ট্যুইটারে করা এক মন্তব্যে স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস দলীয় নেতা অজয় মাকেন বলেন, “কী এক মন্ত্রিসভা মোদির? মানব উন্নয়ন মন্ত্রী (শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে) স্মৃতি ইরানি গ্রাজুয়েটও নন! ইলেকশন কমিশনে জমা দেয়া তার এফিডেভিট দেখুন”!

এ মন্তব্যের পর নিজ সহকর্মীর পক্ষ থেকে এর উত্তর দিয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। স্বয়ং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

“আমি মেডাম সোনিয়া গান্ধীর কাছে জানতে চাই তার শিক্ষাগত যোগ্যতা কি? কারণ তিনি তো ইউপিএ সরকারের নেতৃত্বে ছিলেন। সরকারকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। আমি তার সার্টিফিকেট দেখতে চাই। তার যোগ্যতাটুকু আগে দেখান। তবেই স্মৃতি ইরানির যোগ্যতা নিয়ে কংগ্রেস নেতাদের সমালোচনা শোভনীয় হবে।” বলেন উমা ভারতী যার শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে নানান প্রশ্ন।

মাকেনের ওই মন্তব্যের সমালোচনা হয়েছে ফেইসবুকে। অনেকেই তাকে ‘বৈষম্যসৃষ্টিকারী’ ও ‘অভিজাততান্ত্রিক’ বলে মন্তব্য করেন। দলের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য না করার পরামর্শ দেয়া হয় মাকেনকে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের জোটসঙ্গী ওমর আব্দুল্লা ট্যুইটারে বলেন, “কাউকে এইচআরডি মন্ত্রী হওয়ার জন্য অনেক শিক্ষিত হতে হবে এমন বক্তব্য দেয়ার মানে হচ্ছে কাউকে বেসামরিক বিমান মন্ত্রী হওয়ার জন্য আগে একজন পাইলট হতে বলা অথবা একজন খনি শ্রমিককে খনিজ সম্পদ মন্ত্রী হতে বলা।”

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে লড়েছিলেন স্মৃতি ইরানি। নির্বাচনে জয় না পেলেও তুলনামূলক ভালো ফলাফল করেছিলেন তিনি।