২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চার্চে হামলায় বহু হতাহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) একটি চার্চে বিদ্রোহী জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 12:27 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি বলছে, সেলেকা গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরা রাজধানী বাংগুরির চার্চ অব ফাতিমায় গ্রেনেড ছুঁড়ে মারে। তারপরই শুরু হয় এলোপাতাড়ি গুলি।

সেলেকা বিদ্রোহীদের অধিকাংশই মুসলিম। ২০১৩ সালের মার্চ থেকে এই গোষ্ঠীর সদস্যরা অ্যান্টি-বালাকা খ্রিস্টান যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে।

৪৬ লাখ জনসংখ্যার দেশটিতে এই সংঘাতের কারণে প্রায় ২৫ ভাগ মানুষই বর্তমানে বস্তুচ্যুত।

ক্যাথলিক চার্চের ভেতরে যারা বেঁচে গেছেন তাদের একজন রিভ ফ্রেডি মোবৌলা বলেন, “৩০ মিনিটের গোলাগুলি শেষে শুধু আর্তচিৎকার শোনা যাচ্ছিল। সবখানেই শুধু হতাহতদের দেহ।”

চার্চের প্রিস্ট জোনস বেকাস জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ অনেকেই মারাত্মক আহত হয়েছেন।

তিনি আরো বলেন, “অ্যান্টি-বালাকা যোদ্ধারা আমাদের বাঁচাতে এগিয়ে না আসলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।”

চলতি বছরের জানুয়ারিতে সেলেকা বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা।

সেলেকা প্রধানমন্ত্রী মাইকেল জোতদিয়া দেশটিতে খ্রিস্টানবিরোধী হামলা বন্ধে ব্যর্থ হওয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়।

সেলেকা গোষ্ঠীটি এখনো দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে।

আফ্রিকান ইউনিয়ন, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৭ হাজার সেনা দেশটির এই সংঘাত বন্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

গণহত্যা সংঘটিত হতে পারে এই আশঙ্কায় জাতিসংঘ ১২ হাজার শান্তিরক্ষী দেশটিতে পাঠানোর অঙ্গীকার করলেও কবে তা বাস্তবায়ন হবে সেই তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।