‘জোকার’ রাহুলের জন্যই ডুবেছে কংগ্রেস
ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির ভরাডুবির জন্য দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ‘জোকার’ বলে উপহাস করেছেন কংগ্রেসেরই এক ঊর্ধ্বতন নেতা।
রাহুলের স্বেচ্ছায় দলের পদ ছেড়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।কেরালার এ কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী টি.এইচ মোস্তাফা বুধবার সাংবাদিকদের বলেন, রাহুলের ‘জোকারের’ মতো আচরণ দলকে ডুবিয়েছে।
তাই রাহুলের জায়গায় তার বোন প্রিয়াঙ্কাকে বসানোর দাবি জানান তিনি। তাছাড়া, রাহুল স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করার পক্ষেও মত দেন মোস্তাফা।
তিনি বলেন, “রাহুলের জোকারের মতো আচরণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের বড় ধরনের পরাজয়ের কারণ। প্রধানমন্ত্রীর পদ কোনো ছেলেখেলা নয়। জনগণ তা ভালো করেই জানে। আর সে কারণেই তারা কংগ্রেসকে বড় ধরনের পরাজয় হাতে ধরিয়ে দিয়েছে।”
রাহুলের পাগলের মতো কম্পিউটার, ইন্টারনেটে কাজ করা এবং সিডব্লিউসি গ্রুপের লোকজনদের তোষামোদে ডুবে থাকাই দলের পরাজয়ের কারণ উল্লেখ করে মোস্তফা বলেন, “তার (রাহুল) উচিত দায়-দায়িত্ব নিয়ে পদত্যাগ করা। তা নাহলে তাকে পদচ্যুত করে প্রিয়াঙ্কা গান্ধীকে দলের ভাইস প্রেসিডেন্ট করা উচিত”।
