২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উচ্চ-প্রযুক্তির গোয়েন্দা বিশেষজ্ঞ ছিলাম: স্নোডেন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র ফোনে আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে রাশিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন নিজেকে ইলেক্ট্রনিক নজরদারিতে একজন উচ্চ-প্রযুক্তির গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

মার্কিন টিভি চ্যানেল এনবিসি’কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন স্নোডেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র হয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য গোপনে অন্য দেশে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

স্নোডেন বলেন, তিনি গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য কম্পিউটার ব্যবস্থাকে সক্রিয় করেছেন।এতে করে একজন এজেন্ট যতটুকু গোয়েন্দা তথ্য সরবরাহ করে তার চেয়ে অনেক বেশি তথ্য কম্পিউটার ব্যবহার করে হাতিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

মাঠ পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানো ছাড়াও টেকনিশিয়ান হিসাবে তার কাজ করার অভিজ্ঞতা আছে বলে জানান স্নোডেন।

গোয়েন্দা সংস্থার অধস্তন বিশ্লেষক হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে স্নোডেন আরো বলেন, “আমি যুক্তরাষ্ট্রের জন্য পুরো ব্যবস্থাটাকেই কাজে লাগিয়েছি। মাঠ পর্যায় থেকে শীর্ষের সব পর্যায়েই তা করেছি।এখন সরকার এসবকিছুই অস্বীকার করছে। তারা এটাই দেখাতে চাইছে যে- ‘দেখো, সে একজন নিচু পর্যায়ের বিশ্লেষক”।

স্নোডেন গত বছরের অগাস্টে এনএসএ'র গুপ্তচরবৃত্তির ঘটনা ফাঁস করে দেয়াযর পর যুক্তরাষ্ট্র সরকার তার ওপর ক্ষুব্ধ হয়।

২০১৩ সালে মে মাসে পালিয়ে রাশিয়ায় যান স্লোডেন এবং বর্তমানে সে দেশে সাময়িক আশ্রয়ে আছেন তিনি। পালানোর আগে এনএসএ’র ঠিকাদারি সংস্থা বুজ অ্যালেন এর টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্নোডেন।