‘শরীফ-মোদি বৈঠকে আশাতীত সাফল্য’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশাতীত সাফল্য বয়ে এনেছে। নওয়াজের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ একথা বলেছেন।
দু’দিনের ভারত সফরে মোদির শপথ গ্রহণ শেষে নওয়াজ মঙ্গলবার পাকিস্তানে ফেরার পর বুধবার এক সংবাদিক সম্মেলনে আজিজ ওই মন্তব্য করেন।
তিনি বলেন, শরীফ আর মোদির বৈঠক কেবলমাত্র ছবি তোলা আর অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বৈঠকের ফল যে কারো প্রত্যাশার চেয়েও বেশি ভালো হয়েছে। বৈঠক সফল হয়েছে এবং নওয়াজও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস এবং কাশ্মীরে ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি হওয়া ছাড়াও মুম্বাইয়ে ২৬/১১ হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার ভারতের দাবি নিয়ে আলোচনা করেন মোদি ও নওয়াজ। ভারতের এ দাবি নতুন নয় বলে জানান আজিজ।
তিনি আরো বলেন, দুই প্রতিবেশী দেশের নেতা বৈঠকে সন্ত্রাসকে দুপক্ষের জন্যই উদ্বেগের বিষয় বলে স্বীকার করে নিয়েছেন এবং দুপক্ষের মধ্যকার অবিশ্বাস দূর করতে সব সংঘাতময় ইস্যুগুলোকেই সানে নিয়ে আসা প্রয়োজন বলে একমত হয়েছেন।
দু’নেতাই ভারত পাকিস্তানের সম্পর্কে নতুন অধ্যায় শুরুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং এ বৈঠকই সে পথে এক ঐতিহাসিক সূচনা বলে একমত পোষণ করেছেন।
বৈঠকে কোনো পক্ষ থেকেই আন্তরিকতা, উষ্ণতার কমতি ছিল না এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ছিল বলে জানিয়েছেন আজিজ।
