২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে ৫০ বিচ্ছিন্নতাবাদী নিহত

পূর্ব ইউক্রেইনে দোনেস্ক বিমানবন্দর দখলের লড়াইয়ে সরকারি বিমান বাহিনী ও আধাসামরিক বাহিনীর অভিযানে ৫০ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 May 2014, 02:28 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

বিবিসি’র খবরে বলা হয়েছে, বিমানবন্দরটি এখন ইউক্রেইনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

ইউক্রেইনের নতুন প্রেসিডেন্ট বিদ্রোহ দমনের অঙ্গীকার করার পর পূর্ব ইউক্রেইনে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটল।

দোনেস্কের মর্গে যোদ্ধার পোশাকে ২০ টি দেহ গুনেছেন রয়টার্সের সাংবাদিকরা। তবে বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত দোনেস্ক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্দার বোরোদাই বলেছেন, “আমাদের দিক থেকে নিহত হয়েছে ৫০ জনেরও বেশি”।

নতুন এই অভিযানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেইন নীতির কঠোর প্রতিউত্তর বলে মনে করা হচ্ছে। পূর্ব ইউক্রেইনে রুশভাষী জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়লে তাদের রক্ষায় ব্যবস্থা নেবেন বলে পুতিন ইতোপূর্বে বার বার বলে আসছিলেন।

পাশাপাশি সাবেক রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী প্রশাসনকে অবৈধ ‘জান্তা’ বলে আখ্যা দেন তিনি।

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে “চকলেট কিং” নামে খ্যাত ধনকুবের পেত্রো পোরোশেঙ্কো নির্বাচিত হওয়ার মাধ্যমে পুতিনের সেই কথাও স্তিমিত হয়ে যায়।

সোমবার জানিয়েছেন, তিনি পূর্বাঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে যাবেন। পরিস্থিতি কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক করা হবে, কয়েক মাস নয়,” বলেছেন তিনি।

সোমবার বিদ্রোহীরা দোনেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর দখল নেয়ার চেষ্টা করলে ইউক্রেইনীয় বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরু হয়। তারপর থেকে গত ২৪ ঘণ্টা ধরে লড়াই অব্যাহত আছে বলে জানা গেছে।

বিচ্ছিন্নতাবাদীদের ওপর আকাশ হামলা চালিয়েছে ইউক্রেইনের সরকারি বাহিনী।