২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর চেয়ারে মোদি

মহাত্মা গান্ধীর ছবির সামনে গোলাপের পাপড়ি রেখে ও মাথা নত করে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন নরেন্দ্র মোদি।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 01:40 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
মোদির মন্ত্রিসভায় এক-চতুর্থাংশ নারী

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর আসনে বসেই কয়েকটি নথিপত্র মোদি সই করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

সকালে দিল্লির গুজরাট ভবন থেকে দক্ষিণ ব্লকের প্রধানমন্ত্রীর দপ্তরের যান ভারতের নতুন প্রধানমন্ত্রী।

দিনের প্রথম ট্যুইটে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধা জানান। পঞ্চাশ বছর আগে এই দিনটিতেই (২৭ মে) নেহেরু মারা গিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে সঙ্গে নিয়ে এরপর তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা দক্ষিণ এশীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন।

প্রথমে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে মোদির বৈঠক হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি।

আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার আগে সোমবার সন্ধ্যায় শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন শুরু করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কাজ শুরু করলেও মোদি এখনও ভারতের প্রধানমন্ত্রী জন্য নির্ধারিত রেস কোর্স সড়কের ৭ নম্বর বাড়িতে ওঠেননি। আরো কয়েকমাস তিনি গুজরাট ভবনেই থাকবেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মোদি তার ৪৫ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের প্রথম বৈঠকে বসবেন। সকালেই সব মন্ত্রীদের দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয়েছে।

মোদির শীর্ষ চার মন্ত্রীর মধ্যে প্রথমে আছেন রাজনাথ সিং, যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে, তিনি বিজেপি সরকারের ২ নম্বর ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর আছে সুষমা স্বরাজ ও অরুণ জেটলি।

সুষমা পররাষ্ট্রমন্ত্রীর এবং অরুণ অর্থমন্ত্রী ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সামলাবেন।