থাইল্যান্ডে রাজার অনুমোদন পেলেন সেনাশাসক
থাইল্যান্ডে গত সপ্তাহে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর রাজধানী ব্যাংককে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজার অনুমোদন পেয়েছেন সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা।
এতে করে সামরিক পরিষদের প্রধান হিসাবে আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনার জন্য নিযুক্ত হলেন তিনি।
সাদা সামরিক পোশাক পরে সোমবার সকালে রাজকীয় অনুমোদন লাভ করেন প্রেয়াথ। ৮৬ বছর বয়সী রাজা ভূমিবল আদুলায়েজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
তবে একটি রাজকীয় কমান্ডে বলা হয়, “দেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি ফেরাতে এবং দেশের ঐক্যের স্বার্থে রাজা জেনারেল প্রেয়াথ চান-ওচাকে দেশ পরিচালনায় ন্যাশনাল কাউন্সিল অব পিস এন্ড অর্ডারের প্রধান নিযুক্ত করেছেন”।
